ঝিকরগাছা
আহত শরীর নিয়ে নিজেই পশু হাসপাতালে হাজির হনুমান
শরীরের পেছনে ধারালো অস্ত্রের আঘাতের রক্তাক্ত ক্ষত নিয়ে নিজে নিজেই যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে হাজির হয়েছে একটি হনুমান। রোববার (১২ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে।
হাসপাতালে ঢুকে প্রথমে চিকিৎসা শেডের একটি টেবিলে বসে পড়ে প্রাণীটি। এরপর ফার্মেসি কক্ষে গিয়ে কয়েকটি ওষুধের বোতল খুলে গন্ধ নেয়। তবে চিকিৎসা শুরু হলে আশ্চর্যরকম শান্ত হয়ে যায় হনুমানটি, কোনো বাধাই দেয়নি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ ক্ষতস্থান ভায়োডিন দিয়ে পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেন। স্থানীয়দের ধারণা, এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা চত্বরেও ঘুরে বেড়িয়েছিল প্রাণীটি।
ডা. মাসুমা আখতার জানান, কেউ সম্প্রতি ধারালো কিছু দিয়ে হনুমানটিকে আঘাত করেছে। তার আচরণ দেখে মনে হচ্ছিল, সে যেন নিজেই বুঝিয়ে দিতে চাইছে যে তার চিকিৎসা দরকার।
চিকিৎসার ছবি রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অবলা প্রাণীটির সেবা করায় চিকিৎসকদের প্রশংসা করছেন অনেকে; একই সঙ্গে বন্যপ্রাণীর ওপর এমন নিষ্ঠুরতার বিচার দাবি করেছেন প্রাণিপ্রেমীরা।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর