বিদ্যুৎ সাশ্রয়
আজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মল
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে দেশের সব দোকানপাট, মার্কেট ও শপিং মল আবার রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। এখন থেকে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
দুর্গাপূজা উপলক্ষে ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার বিশেষ অনুমতি দিয়েছিল। পূজা শেষ হওয়ায় সেই সুযোগের মেয়াদ ফুরিয়েছে, ফলে প্রতিদিন দুই ঘণ্টা আগে বন্ধ হবে দোকানপাট।
বছরজুড়ে বারবার সময় বদল
চলতি বছর জ্বালানি সংকটের কারণে দোকান বন্ধের সময় কয়েক দফা বদলেছে। এপ্রিলের শুরুতে সন্ধ্যা ৬টায় বন্ধের নির্দেশ দেওয়া হলেও ব্যবসায়ীদের দাবির মুখে তা সন্ধ্যা ৭টা করা হয়। কোরবানির ঈদ ঘিরে মে মাসে রাত ১০টা এবং জুনে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়। এরপর ১২ আগস্ট থেকে রাত ৮টার নিয়ম চালু ছিল।
সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা কমাতেই এই সিদ্ধান্ত।
তথ্যসূত্র: গ্রামের কাগজ