কাজলা নদীতে ঐতিহ্যের উৎসব
বাঘারপাড়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন মনোখালির ‘গ্রাম বাংলা’
যশোরের বাঘারপাড়া উপজেলায় কাজলা নদীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে মনোখালির নৌকা ‘গ্রাম বাংলা’। দ্বিতীয় স্থান পেয়েছে তুলারামপুরের পরিচালনায় অংশ নেওয়া গোপালগঞ্জের একটি নৌকা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়িয়া ঈদগাহের সামনে কাজলা নদীতে প্রতিযোগিতা শুরু হয়। আন্দুলবাড়িয়া গ্রামবাসী এ আয়োজন করে। আয়োজক কমিটির সভাপতি ছিলেন মো. হুমায়ুন কবীর।
নদীর দুই পাড়ে উৎসবের আমেজ
বাইচ দেখতে নদীর দুই তীরে ভিড় করেন শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ। ঢোল-বাদ্য আর মাঝিদের সারি গানের তালে নৌকাগুলো এগিয়ে চলার সময় দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজকেরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তাঁরা।
তথ্যসূত্র: রাতদিন নিউজ