ঘরোয়া টিপস
বাজারের ডিম তাজা কি না, বুঝবেন ঘরেই সহজ ৩ উপায়ে
বাজার থেকে কেনা ডিম কতটা তাজা, তা খোসা দেখে বোঝা কঠিন। পুরোনো বা নষ্ট ডিম খেলে পেটের পীড়ার ঝুঁকি থাকে। তবে ঘরে বসেই কয়েকটি সহজ পরীক্ষায় ডিমের অবস্থা বোঝা যায়।
১. পানির পরীক্ষা
একটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে ডিম ছেড়ে দিন। তাজা ডিম তলায় শুয়ে থাকবে। ডিম যত পুরোনো হয়, ভেতরের বাতাসের থলি তত বড় হয়; তাই কিছুটা পুরোনো ডিম তলায় খাড়া হয়ে দাঁড়ায়। আর ডিম পানিতে ভেসে উঠলে সেটি না খাওয়াই নিরাপদ।
২. ঝাঁকিয়ে শব্দ শোনা
কানের কাছে ডিম আলতো ঝাঁকান। ভেতরে তরল নড়াচড়ার শব্দ পেলে বুঝবেন ডিমটি পুরোনো। তাজা ডিমে সাধারণত তেমন শব্দ হয় না।
৩. ভেঙে দেখা
প্লেটে ভাঙলে তাজা ডিমের কুসুম উঁচু ও গোল থাকে, সাদা অংশ ঘন হয়ে কুসুমের চারপাশে জড়িয়ে থাকে। পুরোনো ডিমের সাদা অংশ পানির মতো ছড়িয়ে যায়, কুসুম চ্যাপ্টা হয়। দুর্গন্ধ পেলে সঙ্গে সঙ্গে ফেলে দিন।
সংরক্ষণের টিপস: ফাটা ডিম কিনবেন না। ধুয়ে না রেখে রান্নার ঠিক আগে ধুয়ে নিন এবং ফ্রিজে রাখলে সরু দিক নিচে রাখুন।