ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মণিরামপুরে ধানের গুদামে লুকানো ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ
যশোরের মণিরামপুরে ধানের গুদামে অবৈধভাবে মজুত করা প্রায় ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার খেদাপাড়া বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। তিনি জানান, বাজারের ব্যবসায়ী তবিবর রহমান নিজের ও পাশের এক ধান ব্যবসায়ীর গুদামে প্লাস্টিকের চারটি ড্রামে ডিজেল, পেট্রল ও অকটেন লুকিয়ে রেখেছিলেন। আদালত আসার খবর পেয়ে তিনি পালিয়ে যান।
দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে এক ড্রাম তেলের সন্ধান মেলে। পরে স্থানীয়দের দেওয়া তথ্যে আরও তিন ড্রাম তেল উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জব্দ করা তেল মণিরামপুর বাজারের একটি ফিলিং স্টেশনে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। অনুমোদন ছাড়া জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর