রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় চালানটি রূপপুরে পৌঁছায়।
আগের রাতে জ্বালানিবাহী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন। ভোর ৫টার দিকে বিমানবন্দর থেকে গাড়িবহর রওনা হয়। পুরো পথে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
ডিসেম্বরে গ্রিডে বিদ্যুৎ যোগের আশা
মোট নয়টি চালানে জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সাতটি দ্বিতীয় ইউনিটের জন্য এবং দুটি প্রথম ইউনিটের জ্বালানি পুনর্ভরণের জন্য। ডিসেম্বরের মধ্যে সব চালান দেশে আনার লক্ষ্য রয়েছে। প্রস্তুতি সময়মতো শেষ হলে ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে ২০০-৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করছেন প্রকৌশলীরা।
তথ্যসূত্র: গ্রামের কাগজ