শিক্ষা বোর্ডের প্রস্তুতি
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর, জানবেন যেভাবে
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এটি এখনো সম্ভাব্য তারিখ; চূড়ান্ত তারিখ নির্ধারণে ২৩ ও ২৪ অক্টোবর আলোচনা হওয়ার কথা রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার পরই তারিখ নিশ্চিত হবে।
চলতি বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।
অনলাইনে ফল দেখার নিয়ম
শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd-তে গিয়ে পরীক্ষার নাম, বছর, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব EIIN ব্যবহার করে সব শিক্ষার্থীর ফল একসঙ্গে ডাউনলোড করতে পারবে।
এসএমএসে ফল
মোবাইলে লিখতে হবে: HSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল> 2026, পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন ঢাকা বোর্ডের রোল ১২৩৪৫৬ হলে লিখুন HSC DHA 123456 2026।
পরীক্ষার্থীদের ভুয়া বিজ্ঞপ্তি বা গুজবে কান না দিয়ে শুধু শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর