ডেঙ্গু প্রতিরোধ
সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতে মাউশির জরুরি নির্দেশনা
ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গত ১৮ অক্টোবর জারি করা নির্দেশনায় শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার ও প্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে বলা হয়েছে। কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত দেখে দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের যুক্ত করে ডেঙ্গুবিরোধী সচেতনতা কার্যক্রম চালাতেও বলা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনের পর এ নির্দেশনা আসে।
মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত নির্দেশনাটি আঞ্চলিক পরিচালক, কলেজ অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। যশোরসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্দেশনা প্রযোজ্য।
তথ্যসূত্র: বাসস ও দৈনিক যুগান্তর