ঈদের পরদিন ভোগান্তি
ঝড়ে ১০ ঘণ্টা বিদ্যুৎহীন ঝিকরগাছা, ফ্রিজে নষ্টের শঙ্কায় কোরবানির মাংস
ঝড় শুরু হতেই বিদ্যুৎ বন্ধ, ফিরল টানা ১০ ঘণ্টা পর। শুক্রবার (২৯ মে) বিকেলের ঝড়ে এমন ভোগান্তিতে পড়েন যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে প্রথমে উপজেলা সদরে বিদ্যুৎ ফেরে। এরপর দিবাগত রাত দেড়টার দিকে পর্যায়ক্রমে পদ্মপুকুর, চাঁপাতলা ও কাশিপুরসহ আশপাশের এলাকায় সরবরাহ স্বাভাবিক হয়।
আগের দিন বৃহস্পতিবার ছিল ঈদুল আজহা। অনেক পরিবার কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ করেছিল। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সেই মাংস নষ্ট হওয়ার আশঙ্কায় পড়েন তারা। গরমে শিশু ও বয়স্কদের কষ্টও বেড়ে যায়।
গ্রাহকদের অভিযোগ, সামান্য বাতাস বা হালকা বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অভিযোগ নম্বরে ফোন করলেও সাড়া মেলে না, অথচ বিলে কোনো ছাড় নেই। শিক্ষার্থীদের পড়াশোনা ও দোকানপাটের কাজও ব্যাহত হয়।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ঝিকরগাছার ডিজিএম ইমাম হাসান জানান, ঝড়ে বেশ কয়েকটি জায়গায় সঞ্চালন লাইনের ওপর গাছ পড়েছে এবং কোথাও কোথাও তার ছিঁড়ে গেছে। এ কারণেই সরবরাহ স্বাভাবিক করতে সময় লেগেছে।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর