যশোর-বেনাপোল মহাসড়ক
নতুনহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে যশোর সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন হলেন সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং শহরের শংকরপুর এলাকার আরিফুল ইসলাম জয়। তৃতীয়জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, সিয়াম, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। নতুনহাটে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাদের অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালি থানার ওসি কবির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর