যশোরে ১১ দলের লংমার্চের পথসভা
সাত দফা না মানলে এক দফার আন্দোলন: যশোরে জামায়াত আমির
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দাবি না মানলে এক দফার আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর যশোর শহরের মুড়লী মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখী লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সংসদে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চায় ১১ দলীয় ঐক্য। কিন্তু সরকার কার্যকর পদক্ষেপ না নিলে প্রয়োজনে জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সরকারি বিভিন্ন কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, সরকারি সুবিধা জনগণের অধিকার, তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে পথসভায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৫ আসনের অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের মাওলানা মোক্তার আলীসহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর