স্কোপাস র্যাংকিং
গবেষণা প্রকাশনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা যবিপ্রবি
আন্তর্জাতিক গবেষণা ডেটাবেজ ‘স্কোপাস’-এ সূচিবদ্ধ প্রকাশনার ভিত্তিতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এই শ্রেণিতে দ্বিতীয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
স্কোপাসের তথ্য নিয়ে রিসার্চ হাবের প্রকাশিত তালিকায় দেশের ১৬৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বিবেচনা করা হয়েছে। সামগ্রিক তালিকায় শীর্ষ তিনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বুয়েট। সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে যবিপ্রবির অবস্থান ১৬তম।
যবিপ্রবির তিন বছরের গবেষণা চিত্র (২০২৩-২০২৫)
- মোট গবেষণা প্রকাশনা: ১,৩৭৪টি
- মোট উদ্ধৃতি (সাইটেশন): ১৮,৬১৯
- প্রতি গবেষণাপত্রে গড় উদ্ধৃতি: ১৩.৬
- আন্তর্জাতিক সহযোগিতার হার: ৫৮.৬%
- প্রাতিষ্ঠানিক এইচ-ইনডেক্স: ৫৬
তালিকায় মোট প্রকাশনায় ৬০ শতাংশ, মোট উদ্ধৃতিতে ২০ শতাংশ, গড় উদ্ধৃতিতে ১০ শতাংশ, আন্তর্জাতিক সহযোগিতায় ৫ শতাংশ এবং এইচ-ইনডেক্সে ৫ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও গবেষণার প্রতি আন্তরিকতার ফলেই এই অর্জন। এটি পুরো বিশ্ববিদ্যালয় ও যশোরবাসীর জন্য গর্বের।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর